বাংলা হেডলাইনস: কাল সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এবারই প্রথম প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে একাধিক স্বাস্থ্য নিয়ম মেনে ঈদ উদযাপিত হবে।
করোনার কারণে করা যাবে না ঈদে কোলাকুলি এবং করমর্দন।
ঈদের নামাযের জামায়াত মাঠে-ময়দান-ঈদগাহে আদায় করা যাবে না। বাড়ির নিকটবর্তী মসজিদে ঈদের নামায পড়তে হবে। অন্ততপক্ষে তিন ফুট অন্তর অন্তর দাঁড়িয়ে নামাযের কাতার করতে হবে।
এবার ঢাকায় জাতীয় ঈদগাহে নামায হবে না। ঐতিহাসিক শোলাকিয়ায়ও এবার জামায়াত অনুষ্ঠিত হবে না।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে।
প্রথম জামায়াত সকাল ৭ টা, দ্বিতীয় জামায়াত সকাল ৮টা, তৃতীয় জামায়াত সকাল ৯টা, চতুর্থ জামায়াত সকাল ১০ টা ও পঞ্চম ও সর্বশেষ জামায়াত সকাল ১০.৪৫ টায়।
প্রথম জামায়াতে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেয মুফতি মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামায়াতে জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামায়াতে জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেয মাওলানা এহসানুল হক, চতুর্থ জামায়াতে জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম এবং পঞ্চম ও সর্বশেষ জামায়াতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেয মাওলানা ওয়ালীয়ুর রহমান খান ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ।