বাংলা হেডলাইনস: করোনা ভাইরাস মোকাবেলায় দেশে সরকারের ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে’র পর আর বাড়ছে না। তবে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে।
৩১ মে থেকে সীমিত পরিসরে চলবে গণপরিবহণ।
আজ বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের এই কথা জানিয়ে বলেন সাধারণ ছুটি আর বাড়ছে না। এ ব্যাপারে আগামীকাল বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারী করা হবে।
তিনি বলেন, ‘৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সরকারি, বেসরকারি ও স্বায়ত্তসাশিত অফিস নিজস্ব ব্যবস্থাপনায় সীমিত আকারে খোলা থাকবে। তবে সবাইকে ১৩ দফা স্বাস্থ্যবিধি মেনে অফিসে কাজ করতে হবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, বয়স্ক , গর্ভবতী মহিলারা ও অসুস্থ ব্যক্তি অফিস করতে পারবেন না।
তিনি বলেন কেউ এক জেলা থেকে আরেক জেলায় যেতে পারবে না।
এছাড়া স্বাস্থ্যবিধি মেনে অফিসে/কর্মস্থলে যাতায়াতের জন্য ব্যক্তিগত হালকা যানবাহন ব্যবহার করা যাবে এবং সীমিত আকারে নিজস্ব ব্যবস্থাপনায় বিমান চালানো যাবে, বলেন প্রতিমন্ত্রী।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৩ মার্চ সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। পরে দ্বিতীয় দফায় ১৪ এপ্রিল পর্যন্ত, তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ও চতুর্থ দফায় ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বর্ধিত করা হয়। এরপরও পরিস্থিতির উন্নত না হওয়ায় পঞ্চম দফায় ১৬ মে এবং সর্বশেষ ৩০ মে পর্যন্ত ছুটি বৃদ্ধি করে সরকার।