বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় দুই শিশু ও ১২ নারীসহ নতুন করে ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলার বিভিন্ন স্থানে ২৪০ জন আক্রান্ত হলেন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বুধবার রাতে এর সত্যতা নিশ্চিত করে বলেছেন, এটি একদিনে সর্বোচ্চ আক্রান্ত।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে তিন শিফটে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। রাত ৯টায় দেয়া ফলাফলে বগুড়ার ১৬৬ জনের মধ্যে ৫০ জন পজিটিভ, সিরাজগঞ্জের ৬৫ জনের মধ্যে একজন পজিটিভ, জয়পুরহাটের ৪৮ জনের মধ্যে একজন পজিটিভ ও গাইবান্ধার তিনজন নেগেটিভ।
বগুড়ায় আক্রান্ত ৫০ জনের মধ্যে এক ও সাত বছরের দুই শিশু এবং বিভিন্ন বয়সের ১২ জন নারী ও ৩৬ জন পুরুষ। আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের ৩৩ জন, গাবতলীর আটজন, শাজাহানপুরের পাঁচজন, সোনাতলার দু’জন এবং কাহালু ও নন্দীগ্রামের একজন করে।
সদরে আক্রান্ত ৩৩ জনের মধ্যে শহরের চাষী বাজারে মাছের আড়তের ১২ কর্মচারী ও তাদের আত্মীয়-স্বজন রয়েছেন। এদের বাড়ি চেলোপাড়া ও নারুলী এলাকায়। এরা আগে আক্রান্ত ১২ জনের সংস্পর্শে এসেছিলেন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, স্থানীয়ভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বুধবার ৫০ জনের অধিকাংশই স্থানীয়ভাবে আক্রান্ত।