বাংলা হেডলাইনস: দেশের ভবিষ্যৎ ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে সরকার এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনা পরিস্থিতিতে প্রায় আড়াই মাস যাবত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
আজ রোববার প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ডিজিটাল পদ্ধতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের উদ্বোধন কালে এই ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ‘এরা (ছাত্রছাত্রী) আমাদের ভবিষ্যৎ। কাজেই তাদের ভবিষ্যৎতো আমি ঝুঁকিতে ফেলতে পারি না। সেই কারণে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন উন্মুক্ত করবো না । আমরা দেখি এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারলে পর্যায়ক্রমে তখন আমরা উন্মুক্ত করবো’ ।
তিনি বলেন সারা পৃথিবীজুড়েই উন্নত দেশগুলোও যে অবস্থায় আছে আমাদের মত স্বল্পউন্নত দেশ বা উন্নয়নশীল দেশ সবাই একই অবস্থানে চলে আসতে হয়েছে। অন্য দেশগুলতেও ধীরে ধীরে তাদের অর্থনৈতিক ক্ষেত্র, যাতায়াত সবকিছু একটু উন্মুক্ত হয়েছে। কাজেই আমরাও সেই পদ্ধতিতে যাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন নিজের আত্মবিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড়। যে কোন পরিস্থিতি হউক মোকাবেলা করতে পারবো।