বাংলা হেডলাইনস : সারাদেশের ১১টি শিক্ষা বোর্ডের এসএসসি এবং সমমানের পরীক্ষার ফল আজ রবিবার প্রকাশিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ১০ টায় তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ডিজিটাল পদ্ধতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের উদ্বোধন করেন।
সারাদেশে গড় পাশের হার ৮২ দশমিক ৮৭।
এ বছরে মোট ২০, লাখ ৪০ হাজার ২৮ জনের পরীক্ষার্থীর মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন এসএসসি ও সমমান পরীক্ষার উত্তীর্ণ হয়।
গত বছর এসএসসিও সমমানের পরীক্ষায় ২১ লাখ ২৭ হাজার ৮শ’১৫ অংশগ্রহণ করে ১৭ লাখ ৪৯ হাজার ১শ’ ৬৫ জন কৃতকার্য হয়। পাশের গড় হার ছিল ৮২দশমিক ২০।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সচিবালয় থেকে অনলাইনে পরীক্ষার ফলের সংক্ষিপ্ত সার প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করেন। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ সময় উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন চলতি বছর সকল সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরী শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাশের হার ৮২.৮৭ ভাগ। গত বছর গড় পাসের হার ছিল ৮২ দশমিক ২০ শতাংশ।
আর এবার সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। ২০১৯ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।
এবার রাজশাহী বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি এবং সিলেট বোর্ডে সবচেয়ে কম।
যশোর বোর্ডে ৮৭.৩১ ভাগ , ঢাকা বোর্ডে ৮২.৩৪, রাজশাহী বোর্ডে ৯০.৩৭, দিনাজপুর বোর্ড ৮২.৭৩, চট্টগ্রাম বোর্ডে ৮৪.৭৫, সিলেট বোর্ডে ৭৮.৭৯, বরিশাল বোর্ডে ৭৯.৭০, ময়মনসিংহ বোর্ডে ৮০.১৩ এবং কুমিল্লা বোর্ডে ৮৫.২২ শতাংশ পাস করেছে।
কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৭২.৭০ শতাংশ। আর মাদ্রাসা বোর্ডে পাশের হার ৮২.৫১ শতাংশ।
এছাড়াও এবছর বিদেশের কেন্দ্রে ৩৩৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে ৩১৮ জন। মোট পাশের হার ৯৪.৬৪ ভাগ।
অন্যবারের মত এবারও যে কোনো মোবাইল থেকে রেজিস্ট্রেশন করে ঘরে বসেই মাধ্যমিকের ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।
এসএসসির ফল জানতে SSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে শিক্ষার্থীরা প্রি-রেজিস্ট্রেশন করতে পারবেন।
দাখিলের ফল পেতে দাখিল লিখে একটি স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে শিক্ষার্থীরা প্রি-রেজিস্ট্রেশন করতে পারবেন।
আর কারিগরি বোর্ডের এসএসসির ফল পেতে SSC লিখে একটি স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে প্রি-রেজিস্ট্রেশন করা যাবে।
যেসব শিক্ষার্থী প্রি-রেজিস্ট্রেশন করে রাখবেন ফল প্রকাশের পর তাদের মোবাইল নম্বরে ফলাফল পৌঁছে যাবে। এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ রোববার সকালে ফেইসবুক লাইভে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।