বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় নতুন করে ১৫ পুলিশ, এক উকিলসহ ৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটা জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
এ নিয়ে মঙ্গলবার রাত পর্যন্ত বিভিন্ন স্থানে ৮২ নারী ও ১৯ শিশুসহ ৪৪৯ জন করোনা পজিটিভ হলেন। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। বগুড়ার ১৭৬ জনের মধ্যে পজিটিভ হয়েছে ৪৭ জনের।
আর টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯ জনের নমুনা পরীক্ষা করে বগুড়ার ১০ জনের ও গাইবান্ধার একজনের পজিটিভ এসেছে।
বগুড়ার দুটি পিসিআর ল্যাবে শনাক্ত ৫৭ জনের মধ্যে বগুড়া শহর তথা সদর উপজেলায় ৪৩ জন, শেরপুরে পাঁচজন, গাবতলীতে তিনজন, ধুনটে দু’জন এবং শাজাহানপুর, আদমদীঘি, সারিয়াকান্দি ও কাহালু উপজেলায় একজন করে। শহরের ৪৩ জনের মধ্যে সদর থানা, ফুলবাড়ি পুলিশ ফাঁড়ি, চেলোপাড়া ও নাটাইপাড়ায় বেশি রয়েছে।
সূত্রটি আরো জানায়, বগুড়া সদরে সর্বোচ্চ ২৬২ জন আক্রান্ত হয়েছেন।
শাজাহানপুরে ৩২ জন, গাবতলীতে ৩০ জন, শেরপুরে ২৮ জন, সারিয়াকান্দিতে ২২ জন, কাহালুতে ১৬ জন, আদমদীঘিতে ১২ জন, সোনাতলায় ১১ জন, ধুনটে ১১ জন, শিবগঞ্জে ৯ জন, দুপচাঁচিয়ায় ৯ জন এবং আদমদীঘিতে ৮ জন।