বাংলা হেডলাইনস বগুড়া: কর্মকর্তারা করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় ইসলামী ব্যাংক লিমিটেড দুপচাঁচিয়া ও কাহালু শাখার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শাখা দুটিতে লেনদেন বন্ধ ঘোষণা করেন।
ইসলামী ব্যাংক লিমিটেড দুপচাঁচিয়া উপজেলা শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ফরিদুর রহমান জানান, তার শাখার তিন কর্মকর্তা করোনা উপসর্গে আক্রান্ত হন। তাদের নমুনা টিএমএসএস রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছিল। সেখান থেকে পজিটিভ রিপোর্ট আসায় বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখার কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেছেন।
দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি এসএস জাকির হোসেন জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ব্যাংকের ওই শাখার কার্যক্রম বন্ধ থাকবে।
অন্যদিকে ইসলামী ব্যাংক লিমিটেড কাহালু উপজেলা শাখার ক্যাশিয়ার করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুদুর রহমান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বুধবার থেকে ওই শাখার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান আকরামুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।