বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার আরো ১২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
এ নিয়ে ১ এপ্রিলের পর জেলায় মোট এক হাজার ৪০২ জন করোনা পজিটিভ হলেন।
রোববার রাতে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, রোববার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৯৪ জনের করোনা শনাক্ত হয়।
টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল ল্যাবে ৬৮ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা পজিটিভ হয়। রোববার দুই ল্যাবে মোট আক্রান্ত ১২৮ জন।
এর মধ্যে পুরুষ ৭৮ জন, নারী ৪০ জন ও শিশু ১০ জন।
আক্রান্তদের মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজলসহ ১০ চিকিৎসক, তিন সাংবাদিক, কয়েকজন নার্স ও পুলিশ রয়েছে।