বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁ মেডিকেল কলেজে করোনাভাইরাস শনাক্তের পিসিআর ল্যাব এবং আইসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ।
আজ শনিবার দুপুরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নওগাঁর ২৮ লাখ জনসংখ্যার কথা বিবেচনা করে তাদের সুচিকিৎসা জন্য নওগাঁ মেডিকেল কলেজ ও হাসপাতাল দিয়েছেন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে করোনা পরীক্ষার জন্য নওগাঁয় পিসিআর ল্যাব ও আইসিইউ না থাকায় এখানকার জনগনের করোনার নমুনা পাঠাতে এবং রোগীকে নিবিড় পর্যবেক্ষণের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হয়।
সেখান থেকে রিপোর্ট আসতে সময় লাগছে ৭-১০দিন। ফলে এখানকার জনগনের অনেক সমস্যায় পড়তে হচ্ছে। তাই জনগণের সুচিকিৎসার জন্য নওগাঁ মেডিকেল কলেজে পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, একুশে পরিষদের সভাপতি অ্যাড. ডিএম আব্দুল বারী, সাধারণ সম্পাদক এম এম রাসেল, জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, সংগঠনের সদস্য নাইস পারভীন ও সুষমা সাথী চৌধূরী প্রমুখ।