বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী, কলেজের সহকারী অধ্যাপকসহ চারজনের মৃত্যু হয়েছে।
বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ (টিএমসি) ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম জানান, প্রকৌশলী সালাউদ্দিন (৫৪) বগুড়া শহরের জলেশ্বরীতলায় বসবাস করতেন। তার বাড়ি পাবনা সদরের কাঁচারিপাড়ায়।
এলজিইডির ঢাকা সদর দফতরে রাজশাহী উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি বগুড়ার শিবগঞ্জ, ধুনট ও শাজাহানপুর উপজেলা প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট বেড়ে গেলে গত ৪ জুন এ হাসপাতালে ভর্তি হন। শনিবার রাতে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। রোববার সকাল ৮টার দিকে মারা যান।
সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম আরো জানান, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘোষগাথি গ্রামের বৃদ্ধ জয় গোবিন্দ (৭৫) করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. খায়রুল বাশার মোমিন জানান, গাবতলীর লাঠিগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক এএইচএম শাফিউল আলম (৫৯) করোনায় আক্রান্ত শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রোববার সকাল ৮টার দিকে মারা যান।