বগুড়া : বগুড়ায় রোববার রাত ও সোমবার সকালে করোনাভাইরাসে আরো তিন ব্যবসায়ী মৃত্যুবরণ করেছেন।
কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ প্রস্তুত, জানাজা ও নিজ নিজ এলাকার কবরস্থানে দাফন করেছেন। স্বাস্থ্য বিভাগের হিসাবে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. খায়রুল বাশার মমিন জানান, শহরের নিউমার্কেটে সুতা ব্যবসায়ী ও সদরের শাখারিয়া মাটিডালি এলাকার বাসিন্দা জাবেদ আলী (৬৫) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে টিএমএসএস মেডিকেল কলেজ (টিএমসি) ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি হন।
অবস্থার অবনতি হলে আইসিইউ সাপোর্ট নিতে ২১ জুন বেলা পৌণে ৩টায় মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশনে স্থানান্তর করা হয়। সোমবার সকাল ৭টার দিকে তিনি মারা গেছেন।
টিএমএসএস মেডিকেল কলেজ (টিএমসি) ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের সহকারি নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম জানান, শহরের ফুলবাড়ি উত্তরপাড়ার পরিবহণ ব্যবসায়ী তারেক হোসেন (৩৮) । চিকিৎসাধীন অবস্থায় ২১ জুন রাত সাড়ে ৮টায় মারা যান।
এছাড়া শহরের বৃন্দাবনপাড়ার বাসিন্দা ও আদর্শ রেলওয়ে হকার্স মার্কেট দোকান মালিক সমিতির সহ-সভাপতি ব্যবসায়ী আবুল কালাম আজাদ (৬২) । ১৮ জুন সন্ধ্যা পৌণে ৬টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ২১ জুন রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
এদিকে বগুড়ায় সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ২১ নারী ও ছয় শিশুসহ আরো ১০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত ৮৩ দিনে জেলায় দুই হাজার ১৯৪ জন করোনা পজিটিভ হলেন। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।