বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় ইসলামী ব্যাংক মহাস্থান শাখার ১৫ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির এর সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসন ও ব্যাংক সূত্র জানায়, ইসলামী ব্যাংক মহাস্থান শাখার (এসএমই/কৃষি) ২-৩ জন কর্মকর্তার করোনা উপসর্গ দেখা দেয়। এরপরও তারা অফিস করছিলেন।
গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে ওই শাখার ৩০ কর্মকর্তা-কর্মচারির নমুনা পরীক্ষা করানো হয়। সেখানে ১৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়।
এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সোমবার বিকালে শাখার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। সেখানে নোটিশ ঝুলিয়ে দেয়া হয়েছে।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মৌলি মন্ডল ও রায়নগর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি প্রমুখ উপস্থিত ছিলেন।
শাখা ব্যবস্থাপক আবদুল মাজেদ ফোনে জানান, ১৫ কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় উপজেলা প্রশাসন সোমবার থেকে শাখাটির কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এর প্রেক্ষিতে লেনদেন বন্ধ রয়েছে। তিনি সম্মানিত গ্রাহকদের অন্য শাখায় লেনদেন করতে অনুরোধ করেছেন।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির জানান, ইসলামী ব্যাংক মহাস্থান শাখার ২-৩ জন কর্মকর্তার করোনা উপসর্গ দেখা দেয়। এরপরও তারা অফিস করছিলেন। বিষয়টি জানতে পেরে শাখার ৩০ কর্মকর্তা-কর্মচারিকে নমুনা পরীক্ষা করতে বলা হয়। ফলাফলে ১৫ কর্মকর্তার করোনাভাইরাস শনাক্ত হয়।
এর প্রেক্ষিতে সোমবার বিকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।