বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়া শহরের বড়গোলা মোড়ে জনতা ব্যাংক লিমিটেড কর্পোরেট শাখার করোনাভাইরাস আক্রান্ত সিনিয়র দুই কর্মকর্তার মধ্যে একেএম শাহজাহান আলী (৫৫) নামে একজন মারা গেছেন।
শুক্রবার সকালে তিনি মারা যাবার পর ওই শাখায় কর্মরত ৪০ কর্মচারীর মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
কর্মকর্তারা আক্রান্ত হবার পরও শাখার কার্যক্রম অব্যাহত রয়েছে।
শাখা ব্যবস্থাপক এজিএম মো: সোলায়মান এর সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শাখার কার্যক্রম বন্ধ হবে কী না সে ব্যাপারে তারা সিদ্ধান্ত নিবেন।
বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ (টিএসমি) ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম জানান, ব্যাংক কর্মকর্তা একেএম শাহজাহান আলী সদর উপজেলার চন্ডিহারার চাঁদপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে।
তিনি শহরে কাটনারপাড়া কাজীখানা লেনের বাড়িতে বসবাস করতেন। ২৩ জুন অসুস্থতাবোধ করলে ওই হাসপাতাল ল্যাবে নমুনা দেন। ফলাফলে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
বৃহস্পতিবার বেশি অসুস্থ হলে রাত সোয়া ১১টার দিকে তাকে বাড়ি থেকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে তিনি মারা যান।
পরে কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে তার লাশ প্রস্তুত ও গ্রামের বাড়ি চন্ডিহারার চাঁদপাড়ার কবরস্থানে দাফন করেছেন।
শাখা ব্যবস্থাপক এজিএম মো: সোলায়মান জানান, সঞ্চয়পত্র বিভাগের সিনিয়র অফিসার মরহুম একেএম শাহজাহান আলী সর্বশেষ ১৮ জুন অফিস করেছেন।
ফরেন এক্সচেঞ্জ বিভাগের সিনিয়র অফিসার বদিউজ্জামানও করোনা আক্রান্ত এবং আরো কয়েকজনের শরীরের অবস্থা খারাপ। তাদের নমুনা পরীক্ষা করতে বলা হয়েছে।
তিনি আরো জানান, করোনায় কর্মকর্তার মৃত্যু ও আক্রান্ত হবার বিষয়টি ব্যাংকের উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এক নারী কর্মকর্তা জানান, এ অবস্থায় শাখায় কর্মরত ৪০ কর্মকর্তা-কর্মচারির মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। এছাড়া প্রায় পাঁচ হাজার গ্রাহকও ঝুঁকির মুখে পড়েছেন।
তিনি অবিলম্বে শাখার কার্যক্রম বন্ধে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।