বাংলা হেডলাইনস গাজীপুর : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু লিলি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
আজ সোমবার সকাল পৌনে আটটায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সি এমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩জুন মন্ত্রী এবং মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু সিএমএইচে ভর্তি হন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সুস্থ হয়ে বাসায় ফিরে আসলেও লায়লা আরজুমান বানুর অবস্থা গুরুতর হওয়ায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন ।
১৯৪৯ সালের ৬ জানুয়ারি লায়লা আরজুমান বানু লিলি গাজীপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ মোবারক জান এবং মাতার নাম লাল বানু।
ব্যক্তিগত জীবনে অত্যন্ত ধর্মপ্রাণ লায়লা আরজুমান বানু লিলি ১৯৭৩ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
তিনি গাজীপুর জেলা শহরের জয়দেবপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করেন দীর্ঘদিন ধরে। লায়লা আরজুমান বানু ২ কন্যা, এক পুত্র এবং ৬ জন নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আসর গাজীপুর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মাঠে তাঁর নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এর কোন ছবি নিউজে ব্যবহার না করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।