বাংলা হেডলাইনস: করোনা ভাইরাস সংক্রমণ নির্ণয়ে আরটি-পিসিআর পরীক্ষায় ইউজার ফি নির্ধারণ করেছে সরকার।
স্বাস্থ্য ও পরিবার কণ্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ গতকাল এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।
কোভিড-১৯ এর সংক্রমণ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার নিমিত্তে অপ্রয়োজনীয় কোভিড টেস্ট পরিহার করার লক্ষ্যে ফি বা হার নির্ধারণ করা হলো বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে, পিআইডি’র এক প্রেস রিলিজে আজ সোমবার জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী নিম্নলিখিত হারে এই ফি নির্ধারণ করা হয়েছে : বুথ থেকে সংগৃহীত নমুনা
২০০ টাকা, বাসা থেকে সংগৃহীত নমুনা ৫০০ টাকা, হাসপাতালে ভর্তি রোগীর নমুনা ২০০ টাকা। সকল সরকারি হাসপাতালে এই হার প্রযোজ্য হবে।
‘চিকিৎসা সুবিধা বিধিমালা, ১৯৭৪’ এর আওতায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণের চিকিৎসা সংক্রান্ত সকল সুযোগ সুবিধা বহাল থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরীব রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয় পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সরকারি আদেশও বহাল থাকবে বলে এতে জানানো হয়। এ বাবদ আদায়কৃত রাজস্ব সরকারি কোষাগারে জমা করতে হবে।