বাংলা হেডলাইনস: মরণঘাতী কোভিড-১৯ থেকে সুস্থতার হার বৃদ্ধি অব্যাহত রয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছে ৪৩৩৪ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৬৬৪৪২ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৩.৩৫ শতাংশ। গতকাল বুধবার শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ছিল ৪১.৬১ শতাংশ । গত পরশু মঙ্গলবার শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ছিল ৪০.৯৮ শতাংশ।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪,০১৯ জন। এ পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছে মোট এক লক্ষ ৫৩ হাজার ২৭৭ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১.৮৯ শতাংশ।
২৪ ঘণ্টায় ১৮৩৬২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ৮ লাখ ২ হাজার ৬৯৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৩৮ জন মৃত্যুবরণ করেছে।
এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১,৯২৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬ শতাংশ।
যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ৬ জন।
ডা. নাসিমা সুলতানা বলেন বয়স বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের দুই জন, ৪১ থেকে ৫০ বছরের দুইজন, ৫১ থেকে ৬০ বছরের ষোল জন, ৬১ থেকে ৭০ বছরের আট জন, ৭১ থেকে ৮০ বছরের সাতজন এবং ৮১ থেকে ৯০ বছরের দুইজন মৃত্যুবরণ করেছে।
হাসপাতালে ২৩ জন এবং বাড়িতে ১৮ জন মৃত্যুবরণ করেছে ।
বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামে ১২ জন, খুলনায় ৫ জন রাজশাহী বিভাগে ৫ জন সিলেটে ২ জন, বরিশালে ২ জন এবং রংপুর বিভগে ১ জন মৃত্যুবরণ করেছে।