বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের বহির্বিভাগ তিন মাস বন্ধ থাকার পর শনিবার থেকে চালু হচ্ছে।
গত ২৯ মার্চ ২৫০ শয্যার এ হাসপাতাল করোনা আইসোলেশন ইউনিট হিসেবে চালুর পর এখানে অন্যান্য রোগীর সেবা বন্ধ ছিল।
শুক্রবার বিকালে হাসপাতালের তত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় এ তথ্য দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ জেলায় করোনাভাইরাস সংক্রমণ শুরু হলে ২৫০ শয্যার বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালকে আইসোলেশন ইউনিট হিসেবে ঘোষণা করা হয়।
এখানে চিকিৎসাধীন অধিকাংশ রোগীকে ছাড়পত্র ও গুরুতর অসুস্থদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।
গত ২৯ মার্চ থেকে ১২৮ বেডের আইসোলেশন ইউনিটের কার্যক্রম শুরু হলে এখানে করোনাভাইরাস ও উপসর্গে আক্রান্তদের ভর্তি করা হয়।
তখন থেকে এখানে অন্যান্য রোগে আক্রান্তদের বহির্বিভাগে চিকিৎসা সেবা ও ভর্তি বন্ধ ছিল। ফলে শজিমেক হাসপাতালে রোগী বৃদ্ধি পায়।
এদিকে ২৯ জুন বগুড়া শজিমেক হাসপাতালে ৫০ শয্যার আইসোলেশন ইউনিট চালু করা হয়। করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কম ও শজিমেকে ভর্তি হওয়ার কারণে মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশনে রোগী কমতে শুরু করেছে।
আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. খায়রুল বাশার মমিন জানান, ১২৮ বেডের আইসোলেশনে ৩ জুলাই শুক্রবার ৭৫ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে করোনা পজিটিভ ৬৬ জন। অথচ কয়েকদিন আগেও ১৩০ জন রোগী ছিল।