বংলা হেডলাইনস গাজীপুর : করোনা ভাইরাস মোকাবেলায় প্রথম থেকেই গাজীপুরবাসীর পাশে দাঁড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়া এবং জীবন ও জীবিকা একসাথে চালিয়ে নেওয়ার প্রেক্ষাপটে জিএমপি হাতে নিয়েছে জনসচেতনতামূলক কার্যক্রম।
সোমবার সকাল থেকে “আসুন সবাই মাস্ক পড়ি, করোনা ভাইরাস প্রতিরোধ করি” এই প্রতিপাদ্য নিয়ে জিএম পি’র কার্যক্রমের নেতৃত্বে নিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আনোয়ার হোসেন।
পুলিশ কমিশনার সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুর মহানগর, টঙ্গী ষ্টেশন রোড়, কোনাবাড়ী বাসষ্ট্যান্ড এবং গাজীপুর চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ ও গাজীপুর টাঙ্গাইল মহাসড়কে প্রত্যক্ষভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।
তিনি মাস্ক ব্যবহারের উপর গুরুত্বারোপ করে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন এবং তাদেরকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ প্রদান করেন।
এসময় পুলিশ কমিশনার উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের চলমান কর্মসূচি সম্পর্কে অবগত করেন। জনস্বার্থে জিএমপির এই কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান।