বাংলা হেডলাইনস : স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম আজ ডিজিটাল হাট থেকে কুরবানির পশু ক্রয় করেছেন।
মন্ত্রী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন কোরবানির পশু অনলাইনে বিক্রির প্ল্যাটফর্ম ‘ডিএনসিসি ডিজিটাল হাট’ এর উদ্বোধন ও ডিজিটাল হাট থেকে প্রথম কুরবানির পশু ক্রয় করে অনলাইনে কেনা বেচারও উদ্বোধন করেন ।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যেসব এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ বেশি বা যে এলাকাগুলোকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে সেসব এলাকায় পশুর হাট বসানো বর্জন করার আহ্বান জানান মন্ত্রী।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, শহর অঞ্চল ছাড়াও গ্রামগঞ্জে একটি বা দুইটি জায়গায় কোরবানির পশু বেচাকেনা করা জন্য নির্ধারণ না করে একটি ওয়ার্ডে বা ইউনিয়নে বিস্তৃত স্থানে আয়োজন করলে করোনা সংক্রমণের বিস্তাররোধে ভূমিকা রাখবে।
এতে করে একদিকে যেমন পশু কেনাবেচার ওপর কোন প্রভাব পড়বে না অন্যদিকে সাধারণ মানুষকে করোনার হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।
কুরবানির পশুর বেচাকেনার জন্য যেখানেই হাট বসানো হোক না কেন সেখানে অবশ্যই স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব-সহ সরকারের অন্যান্য নির্দেশনা মেনেই বসাতে হবে এবং এ লক্ষ্যে তার মন্ত্রণালয় একটি প্রাথমিক বৈঠক করেছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
করোনা সংকটে ডিজিটাল পদ্ধতিতে গবাদিপশু কেনাবেচার গুরুত্ব তুলে ধরে এটি দেশে নতুন মাত্রা যোগ করবে জানিয়ে মন্ত্রী তাজুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, করোনার সংকট থেকে মুক্তি হওয়ার পরেও অনলাইনে গবাদিপশু ছাড়াও বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচা অব্যাহত থাকবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকার বিভাগীয় কমিশনার মুস্তাফিজুর রহমান, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ অনলাইনে অংশগ্রহণ করেন, পিআইডি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।