বাংলা হেডলাইনস বগুড়া : পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আমিনুল ইসলাম (৫৭) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
শনিবার সকালে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি সম্প্রতি ‘শুদ্ধাচার পুরস্কার’ অর্জন করেন।
পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) সহকারি পরিচালক নুশরাত জাহান জানান, মহাপরিচালক আমিনুল ইসলাম গত ২৩ জুন করোনা পজিটিভ হন। শরীরের অবস্থা খারাপ হলে গত ২৯ জুন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেয়া হয়।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
আরডিএ’র ভারপ্রাপ্ত মহাপরিচালক আব্দুস সামাদ জানান, প্রয়াত মহাসচিব (অতিরিক্ত সচিব) আমিনুল ইসলামকে শনিবার বিকেলে তার গ্রামের বাড়ি পাবনা জেলার হেমায়েতপুরে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে আরডিএ বগুড়ার সকল কর্মকর্তা, কর্মচারিরা গভীর শোক প্রকাশ ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।
আমিনুল ইসলাম গত বছরের ৬ ফেব্রুয়ারি মহাপরিচালক হিসেবে যোগদান করেন। অল্প সময়ের মধ্যে তিনি সরকারের নীতি ও নির্বাচনী ইশতেহারের আলোকে অনেকগুলো গুরুত্বপূর্ণ কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে নেতৃত্ব প্রদান করেন।
এর মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রম হলো-নির্বাচনী অঙ্গীকার ‘আমার গ্রাম-আমার শহর’ বিনির্মাণে নীতি নির্ধারণী গবেষণা পরিচালনা করা।
আমিনুল ইসলাম ৮ম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর যোগদান করেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভুমি), উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসক, স্থানীয় সরকারের পরিচালক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে মাঠ প্রশাসনে এবং উপ-সচিব হিসেবে খাদ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
তিনি সিরাজগঞ্জের জেলা প্রশাসক হিসেবে তিন বছরেরও অধিককাল অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।