বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে সাতদিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল আইসোলেশনে শিশুটি মারা যায়।
হাসপাতালের উপপরিচালক ডা. আবদুল ওয়াদুদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা রাতেই মৃতদেহ প্রস্তুত ও হাসপাতাল চত্বরে জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর করেন।
হাসপাতাল সূত্র জানায়, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভুসকুর হাটকড়ই গ্রামের বাসিন্দা কলেজ ছাত্র আবু বক্কর সিদ্দিকের স্ত্রী আরবী আকতার গত ৮ জুলাই শহরের একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলে প্রসব করেন। এটি তাদের প্রথম সন্তান। শিশুর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ১১ জুলাই শজিমেক হাসপাতালের নবজাতক ইউনিটে ভর্তি করা হয়।
ওইদিন শিশুর মাকে ক্লিনিক থেকে রিলিজ দেয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। গত ১২ জুলাই চিকিৎসকরা শিশুর শরীর থেকে নমুনা সংগ্রহ করে হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠান। পরদিন দেয়া রিপোর্টে শিশুকে করোনায় আক্রান্ত উল্লেখ করা হয়।
১৪ জুলাই মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে শিশুটিকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যায়।