বাংলা হেডলাইনস কুড়িগ্রাম : বিচার প্রার্থীদের দুর্ভোগ লাঘব এবং আইনজীবীদের জীবন-জীবিকা সচল করতে ভার্চুয়াল পদ্ধতির পরিবর্তে নিয়মিত আদালত চালুর দাবিতে কুড়িগ্রাম জেলার আইনজীবীরা বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সাধারণ আইনজীবীদের ব্যানারে বৃহস্পতিবার দুপুর ১২টায় কুড়িগ্রাম আইনজীবী সমিতি ভবনের সামনে জজ কোর্ট-ডিসি অফিস সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচী পালিত হয়।
এর আগে আইনজীবীরা জজ কোর্ট আদালত চত্বর থেকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে।
মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন-জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মৈাহাম্মদ ফখরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সোলায়মান আলী, সায়ের উদ্দিন, মোঃ মোখলেছুর রহমান , অ্যাডঃ প্রদীপ কুমার রায় প্রমুখ।
বক্তারা প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন, মানবিক বিবেচনায় সামাজিক ও স্বাস্থ্যবিধি মেনে পূর্বের ন্যায় স্বাভাবিক ও নিয়মিত কোর্ট চালুর দাবি জানানো হয়।
কারণ ভার্চুয়াল পদ্ধতিতে কোর্ট চলায় মাত্র গুটি কয়েক আইনজীবীর জীবন-জীবিকা চলছে। এর বাইরে প্রায় দু’শতাধিক আইনজীবী কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে।
একই সঙ্গে বিচার প্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। সৃষ্টি হয়েছে মামলা জট।