বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁয় সাত স্বাস্থ্যকর্মীসহ আরও ৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় ৭৩৮ জন করোনায় সংক্রমিত হলো।
আজ বৃহস্পতিবার নওগাঁর সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড মেডিসিন রিসার্চ সেন্টার ল্যাবে ৯, ১১ ও ১২ জুলাই পাঠানো নওগাঁর ২৯৪টি নমুনা পরীক্ষার ফলাফল গতকাল বুধবার রাতে ই-মেইলে আসে।
এর মধ্যে ৪২ জনের করোনা ‘পজিটিভ’ আসে।
নতুন শনাক্ত ৪২ জনের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৬ জন, সাপাহার উপজেলায় ৫ স্বাস্থ্যকর্মীসহ ১২ জন, পোরশা উপজেলায় ১ স্বাস্থ্যকর্মীসহ ১০ জন, নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের ৩ জনসহ ৪ জন, পত্নীতলা উপজেলায় ১ স্বাস্থ্যকর্মীসহ ২ জন, বদলগাছী উপজেলায় ২ জন, মান্দা উপজেলায় ২ জন, রানীনগর উপজেলায় ১ জন, ধামইরহাট উপজেলায় ১ জন ও আত্রাই উপজেলায় ১ জন।
এক দিনে মোট সাতজন স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, একজন এক্স-রে টেকনোলজিস্ট, দুজন কমিউনিটি হেলথ প্রোভাইডার (সিএইপি) ও একজন নার্স রয়েছেন।
এ ছাড়া পোরশা ও পত্নীতলা উপজেলায় একজন করে সহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তার (স্যাকমো) করোনা শনাক্ত হয়েছে।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান বলেন, নতুন আক্রান্ত ৪২ জনের অধিকাংশের শরীরে জটিল কোনো উপসর্গ নেই।
তাদের সবাইকে বাড়িতে কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে এবং তাঁদের সবার নমুনা সংগ্রহ করা হবে।