বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ মঙ্গলবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪১ জন। আর গতকাল সোমবার করোনায় মৃত্যুবরণ করেছে ৫০ জন।
এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে মোট ২,৭০৯ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৮৪১ জন। এপর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ১৫ হাজার ৩৯৭ জন। শনাক্ত বিবেচনায় করোনা থেকে সুস্থতার হার ৫৪. ৮২ শতাংশ।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩৪ জন এবং নারী ৭ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩,০৫৭ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট দুই লাখ ১০ হাজার ৫১০ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩.৭০ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৫৪ হাজার ৫৫৯ টি।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান বয়স বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বছরের ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের বারো জন, ৬১ থেকে ৭০ বছরের এগারো জন, ৭১ থেকে ৮০ বছরের সাতজন এবং ৮১ থেকে ৯০ বছরের দুইজন মৃত্যুবরণ করেছে।
ডা. নাসিমা সুলতানা জানান বিভাগ ভিত্তিক বিভাজনে ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে ১৫ জন, খুলনায় ৫ জন, রাজশাহীতে ৫ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে ।