বাংলা হেডলাইনস টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল – বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে চালক নিহত ও হেলপার আহত হয়েছে।
মঙ্গলবার ভোরে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক মো. আক্তার হোসেন (৪০)।
তিনি বগুড়ার দুপচাচিয়া উপজেলার শহরতলা গ্রামের মৃত আশরাফ হোসেন শেখের ছেলে।
আহত হেলপার বগুড়ার দুপচাচিয়া উপজেলার গোড়াই গ্রামের জসিমউদ্দিনের ছেলে মো. আসাদুল (৫০)।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে একটি গম বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-১৯৭০) বগুড়া যাওয়ার পথে টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে পানিতে পড়ে যায়।
খবর পেয়ে ট্রাকে আটকা পড়া ট্রাক চালক মো. আক্তার হোসেনের লাশ উদ্ধার করে এলেঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হেলপার মোঃ আসাদুলকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।