বাংলা হেডলাইনস: করোনাভাইরাস ও বন্যা থেকে মহান আল্লাহ তায়লার কাছে মুক্তির মোনাজাত করে আজ শনিবার বাংলাদেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হয়।
দেশে এবার করোনাভাইরাস ও বন্যা পরিস্থিতির মধ্যে ঈদ-উল-আযহা উদযাপিত হচ্ছে। বিভিন্ন জেলায় মানুষ পানিবন্দি রয়েছে ও ঘর-বাড়ি সর্বস্ব হারিয়েছে।
রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে সকাল ৭টায় ঈদের প্রধান নামাযের জামায়াত অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে পাঁচটি জামায়াত সকাল ৭.৫০ মিনিটে, সকাল ৮. ৪৫ মিনিটে, সকাল ৯. ৩৫ মিনিটে, ১০. ৩০ মিনিটে এবং সর্বশেষ সকাল ১১. ১০ মিনিটে অনুষ্ঠিত হয়।
এবারো গত ঈদ-উল-ফিতরের মত মরণঘাতী করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে সাবধানতা অবলম্বন করে সারাদেশে ঈদুল আযহা উদযাপিত হয়। মুক্ত প্রাঙ্গণ বা ময়দানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়নি। এর পরিবর্তে দেশে সকল জায়গায় মসজিদে ঈদের নামায অনুষ্ঠিত হয় ।
ঈদ-উল-আযহা সকলের কাছে কোরবানি ঈদ হিসেবে পরিচিত। মুসলমানগণ মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানির পশু কোরবানি দিচ্ছেন। তিন দিন কোরবানির ঈদ উদযাপিত হয়।