বাংলা হেডলাইনস: কোভিড-১৯ বিস্তার রোধ এবং পরিস্থিতি উন্নয়নের লক্ষে সরকার শর্ত সাপেক্ষে দেশের সার্বিক কার্যাবলী ও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রনের মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করেছে।
আগামী ৪ ঠা আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে, পিআইডি’র এক প্রেস রিলিজে আজ সোমবার জানানো হয়।
শর্তের মধ্যে রয়েছে রাত ১০ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত অতীব প্রয়োজন ছাড়া (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, জরুরী পরিষেবা, ঔষধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদের দাফন/ সৎকার ইত্যাদি) বাসস্থানের বাইরে আসা যাবে না।
বাসার বাইরে সব সময় মাস্ক পরিধান করা, পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
হাটবাজার, দোকানপাট, শপিংমলে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করতে হবে।
শপিংমলের প্রবেশ মুখে তাপমাত্রা পারিমাপক যন্ত্র এবং হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিংমলের আগত যানবাহনগুলোকে অবশ্যই জীবাণুমুক্ত রাখতে হবে।
দোকানপাট শপিংমল আবশ্যিকভাবে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।
শর্ত সমূহের মধ্যে রয়েছে সরকারি, স্বায়ত্ত্বশাসিত, বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য, শিল্প-কারখানা ও সেবা প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা স্বাস্থ্যবিধি প্রতিপালন করে খোলা থাকবে।
ঝুঁকিপূর্ণ, অসুস্থ কর্মচারি এবং সন্তান সম্ভবা নারীরা কর্মস্থলে উপস্থিত হওয়া থেকে বিরত থাকবেন।
গণপরিবহনসহ সব ধরনের যানবাহন স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা স্বাস্থ্যবিধি প্রতিপালন করে চলাচল করবে।