বাংলা হেডলাইনস : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন একটি অশুভ চক্র নানা ইস্যুতে সরকারের বিরুদ্ধে গুজব রটনা ও অপপ্রচারে লিপ্ত। সরকার হটানোর দিবাস্বপ্নও দেখে কেউ কেউ।
তিনি বলেন, শেখ হাসিনা সরকারের শেকড় এ দেশের মাটির অনেক গভীরে, গুজব রটিয়ে কোনো লাভ নেই।
মন্ত্রী আজ সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা সড়ক জোন, বিআরটিএ, ও বিআরটিসির কর্মকর্তাদের সাথে তাঁর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় একথা বলেন।
মন্ত্রী সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা রাশেদের মর্মান্তিক ঘটনাকে ঘিরে কেউ কেউ দুই বাহিনীর মধ্যে উস্কানি দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। জনগণ এ বিষয়ে সচেতন রয়েছে বলে তিনি জানান।
সিনহা হত্যা বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে, কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি কাজ করছে।
গুজব রটানো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে দেশ বিদেশে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।