বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় নতুন করে ৮৪ জনসহ করোনায় আক্রান্তের সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গেছে।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন করে ৪১ নারী ও এক শিশুসহ ৮৪ জন আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে গত ১ এপ্রিলের পর জেলায় মোট আক্রান্ত হলেন, ছয় হাজার ২৩ জন। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে বুধবার সন্ধ্যা এবং বৃহস্পতিবার ভোরে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে দু’ব্যক্তি মারা গেছেন।
বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম রুবেল জানান, শহরের পশ্চিম নারুলী এলাকায় অবসরপ্রাপ্ত চাকরিজীবী অরুণ রঞ্জন সাহা (৭৫) গত ৬ আগস্ট করোনা উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।
ওইদিন নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার সংগঠক প্রকৌশলী মিজানুর রহমান জানান, অরুণ রঞ্জন সাহার লাশ প্রস্তুত করার পর দুপুরে ফুলবাড়ি মহাশ্মশানে দাহ করা হয়েছে।
বগুড়া শজিমেক হাসপাতালের মুখপাত্র জাহাঙ্গীর আলম জানান, শহরের সুলতানগঞ্জপাড়া হাকির মোড় এলাকার ইসাহাক সরকার (৫৭) করোনা উপসর্গ নিয়ে গত ১৮ আগস্ট রাত ১১টার দিকে হাসপাতাল আইসোলেশনে ভর্তি হন। ১৯ আগস্ট সন্ধ্যার দিকে তিনি মারা গেছেন।