বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলে বাসের চাপায় সিএনজি চালিত অটোরিক্সা আরোহী শিক্ষক দম্পতিসহ একই পরিবারের চারজন নিহত ও দুইজন আহত হয়েছে।
শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ভদ্রশিমুল দক্ষিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন (৫৪), তার স্ত্রী একই স্কুলের সহকারী শিক্ষক শিউলি খাতুন (৪২), নিহত আল আমিনের বাবা মো. সোহরাব আলী (৭৫) ও মা সালেহা বেগম (৭০)।
এ দুর্ঘটনায় আল আমিনের বোন হাজেরা বেগম ও অটোরিক্সার চালক ফেরদৌস তরফদারকে গুরতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, ভূঞাপুর উপজেলা সদর থেকে আল আমিন তার পরিবারের সদস্যদের নিয়ে টাঙ্গাইল শহরের উদ্দেশ্যে রওনা হন।
দুপুর ১২ টার দিকে টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা মোড় সৈকত পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিক্সাকে চাপা দেয়। আশেপাশের লোকজন সিএনজি’র চালকসহ ছয় আরোহীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
সেখানে প্রথমে শিউলি খাতুনের মৃত্যু হয়। পরে গুরতর আহত আল আমিন, সোহরাব আলী ও সালেহা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতির সময় তারাও মারা যান।