বাংলা হেডলাইনস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন বাংলাদেশকে যদি ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, উন্নত এবং সমৃদ্ধ সোনার বাংলা গড়তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাংক অনুসরণ করেই এগিয়ে যেতে হবে ।
শেখ হাসিনা বলেন ‘জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন সেই জাতির পিতা যে পথ তিনি রেখে গেছেন সেই পথ ধরেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই’।
প্রধানমন্ত্রী বলেন এই বাংলাদেশকে যদি আমরা ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়তে চাই অবশ্যই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জাতির পিতার পদাংক অনুসরণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘অনেকেই ছয় দফা দাবি নিয়ে অনেক কথা বলেন। আমি নিজে জানি এটা ( ছয় দফা দাবি) তাঁর (বঙ্গবন্ধুর) সম্পূর্ণ নিজের চিন্তার ফসল’।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (আইএমএলআই) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন বিষয়ক জাতীয় বাস্তবায়ন কমিটি এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যুক্ত হন।
সারাদেশের ৩৫টি জেলা প্রশাসনের কার্যালয় থেকে ১০০ জন বিজয়ীসহ প্রতিযোগীরা সংযুক্ত ছিলেন।
এই প্রতিযোগিতায় সারাদেশ থেকে মোট ১ লাখ ৯ হাজার ৯২৯ প্রতিযোগী অংশ নেয়।
এ সময় ‘মুজিব বর্ষের’ থিম সং এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ছয় দফা দাবির উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।