বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুর মহানগর ও জেলার হাজার হাজার মানুষের দুর্ভোগ আর ভোগান্তি যেন পিছুই ছাড়ছে না।
করোনা মহামারীর পর দীর্ঘ সময়ের বন্যায় তারা পড়েছেন খাবার সংকট, গো খাদ্যের অভাব ও বিশুদ্ধ পানির সংকটে। এখনো অনেক এলাকায় জলাবদ্ধতা। পানির নিচে তলিয়ে আছে রাস্তাঘাট।
তলিয়ে আছে ঘর-বাড়ি। নিজেদের বাড়ি-ঘর ছেড়ে বসবাস করছেন অন্যের বাড়ি। কারো কারো বাড়ি ঘর ভেঙ্গে গেছে, নষ্ট হয়ে গেছে। সেসব সারিয়ে তোলা এখন সাধ্যের বাইরে।
এমন দুর্দিনে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার কষ্টও রয়েছে অনেকের।
তবে গাজীপুর জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, আওয়ামী লীগ,যুবলীগ বিশেষ করে সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম খাদ্য সহায়তা প্রদানসহ নানাভাবে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে রয়েছেন।
মেয়র বলছেন, খাদ্য সহায়তা দেয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামত, অতি দরিদ্রদের নতুন ঘর তৈরি করে দেয়াসহ নানা পরিকল্পনা রয়েছে।
নগরের বাইমাইল এলাকার গৃহবধূ খোরশেদা বেগম। বাড়ির মোরগ- মুরগি- কবুতর টিনের চালায় রেখে সংসার নিয়ে উঠেছেন এক কিলোমিটার দূরের আত্মীয়ের বাড়িতে। ডিঙ্গি নৌকা দিয়ে সেখান থেকেই পানির নিচে তলিয়ে থাকা ভিটেবাড়িতে এসে অপেক্ষায় থাকেন সুদিনের আশায়। এক মাসেরও বেশি সময় ধরে চরম দুর্দিনে থাকলেও কেউ তাদের প্রতি বাড়ায়নি সহযোগিতার হাত।
এমন দুর্ভোগের চিত্র রয়েছে নগর ও জেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে।
সিটি কর্পোরেশন অন্তত বিশটি ওয়ার্ডে বিস্তীর্ণ এলাকায় দুর্ভোগে-কষ্টে আছে এমন হাজারো পরিবারের পাশে সিটি কর্পোরেশন ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে খাদ্য ও অর্থ সহায়তা নিয়ে ছুটে যাচ্ছে সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সভাপতি আজমত উল্লা খানসহ নেতৃবৃন্দ।

মহানগর যুবলীগ আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল ও ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন বিভিন্ন ওয়ার্ডে। মহানগর বিএনপি নেতা সুরুজ আহমেদের নেতৃত্বে ও সাধ্যমত ত্রাণ সামগ্রী খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।
সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম জানান, সিটি কর্পোরেশনের তুরাগ পাড়ের প্রায় ২০টি ওয়ার্ডের লোকজন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।