বাংলা হেডলাইনস: ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ করাই এখন তাদের সামনে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ।
আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে দলটির মহাসচিবসহ নেতা ও কর্মীরা।
সামরিক আইন প্রশাসক থাকা অবস্থায় রাষ্ট্রক্ষমতায় আসা জেনারেল জিয়া ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি গঠন করেন।
১৯৮১ সালে এক সামরিক অভ্যুত্থানে জিয়া নিহত হওয়ার কিছুদিন পর বিএনপির হাল ধরেন তার স্ত্রী খালেদা জিয়া। এখন পর্যন্ত তিনিই বিএনপির নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃতে বিএনপি গত এক দশকের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে নেতাকর্মীদের হতাশা আর অনিশ্চয়তার মধ্যেই দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন এবার।
শ্রদ্ধা নিবেদনের পর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘এখন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা ’।
বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে যে আওয়ামী লীগ গণতন্ত্রকে হরণ করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে, যে ভয়াবহ একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে, তার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে এবং জনগণের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে’।
মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমানসহ জ্যেষ্ঠ নেতাকর্মীরা আজ বেলা ১১টার দিকে শেরেবাংলা নগরে জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।
দলের প্রতিষ্ঠাতার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।