বাংলা হেডলাইনস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশপ্রেমিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী হবে তারাই যেন সশস্ত্র বাহিনীতে দায়িত্বশীল পদ পায়।
প্রধানমন্ত্রী বলেন ‘দেশপ্রেমিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী হবে তারাই যেন দায়িত্ব পায়’।
আজ প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেনাসদর, ঢাকা সেনানিবাস, নৌবাহিনী সদরদপ্তর এবং বিমানবাহিনী সদরদপ্তর প্রান্তে সশস্ত্র বাহিনী নির্বাচনী পর্ষদ ২০২০ (১ম পর্ব) এর সভায় বক্তব্য এই কথা বলেন।
শেখ হাসিনা বলেন ‘খাতা কলমে বেশি নম্বর পাওয়া না, যারা ফিল্ডে ভাল কাজ করতে পারে, কমান্ড করতে পারে বা নেতৃত্ব দেবার যোগ্যতা আছে কিনা বা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবার মত ক্ষমতা আছে কিনা সেগুলো আপনাদের (সশস্ত্র বাহিনী নির্বাচনী পর্ষদ) বিচারে আনতে হবে’।
প্রধানমন্ত্রী বলেন ‘আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যারা বিশ্বাসী, যারা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাসী নিশ্চয়ই তাদের সেই আদর্শ নিয়েই তাদের চলতে হবে’।
তিন বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সশস্ত্র বাহিনী নির্বাচনী পর্ষদ ২০২০ এর সভায় তাদের নিজ নিজ সদরদপ্তর থেকে সংযুক্ত ছিলেন।