বাংলা হেডলাইনস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশংকা প্রকাশ করেছেন আগামী শীত মৌসুমে কোভিড-১৯ ( করোনা ভাইরাস ডিজিজ) হয়তো একটু খারাপের দিকে যেতে পারে।
এখন থেকেই সেই পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি থাকার আহ্বান জানান তিনি।
আজ রোববার প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদত্ত অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। এই সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন এবারের করোনা ভাইরাসে দেখা গেছে যে আমাদের সকলেই খুব আন্তরিকতার সাথে কাজ করেছে। সবাই, আমরা কাউকে বাদ দিতে পারবো না।
শেখ হাসিনা বলেন ‘ সামনে শীত আর একটু হয়তো খারাপের দিকে যেতে পারে। তবুও আমাদের এখন থেকে প্রস্তুতি থাকতে হবে’।