বাংলা হেডলাইনস : দীর্ঘ দিন বন্ধ থাকার পর সরকারের আন্তরিক প্রচেষ্টায় প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবে পুনরায় কাজে যোগদানের সুযোগ পেয়েছেন।
বাংলাদেশে অবস্থানরত সৌদি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে তাদের ভিসা ঢাকার সৌদি দূতাবাসের মাধ্যমে প্রদান করতে সৌদি কর্তৃপক্ষ সম্মত হয়েছে।
সৌদি দূতাবাস হতে আগামী রোববার এ সেবা কার্যক্রম শুরু হবে, পিআইডি’র এক প্রেস রিলিজে আজ জানানো হয়।
এছাড়া আকামা বা কাজের অনুমতি চালুর মেয়াদ চলতি আরবি মাসের শেষ দিন ১৭ অক্টোবর পর্যন্ত বৈধ থাকবে। সৌদি আরবে গমনের জন্য সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান টিকেট ইস্যু করবে।
ভিসা সংগ্রহের সময় ঢাকাস্থ সৌদি দূতাবাসে অথবা টিকেট সংগ্রহের সময় সৌদি এয়ারলাইন্স বা বাংলাদেশ বিমানের সম্মুখে কোন ধরনের বিশৃঙ্খলা না করে শৃঙ্খলাবদ্ধ হয়ে টিকেট ক্রয় ও ভিসার আবেদন জমা দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সকলকে অনুরোধ করেছে।
এছাড়া বাংলাদেশে অবস্থানরত সৌদি প্রবাসী বাংলাদেশিদের কোন প্ররোচনায় বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।