বাংলা হেডলাইনস টাঙ্গাইল : এবারের বন্যায় টাঙ্গাইল জেলায় সড়ক বিভাগ ও এলজিইডির প্রায় ১,৪২৯ কিলমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে ।
এতে প্রায় ৩২০ কোটি ৪৩ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে ।
চলতি বছরের দীর্ঘস্থায়ী বন্যায় টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের ৬০ কিলোমিটার রাস্তা এবং ৭টি সেতুর এপ্রোচ ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতির আর্থিক পরিমাণ প্রায় ৬০ কোটি টাকা।
এছাড়া জেলা স্থানীয় সরকার ও প্রকৌশল দপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, এবারের বন্যায় ১১টি উপজেলায় তাদের অধীনে থাকা ৩২৮ টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার দৈর্ঘ্য প্রায় ১৩ শ’ ৬৯ কিলোমিটার। ক্ষয়ক্ষতির অর্থমূল্য দুইশ’ চার কোটি ৫৭ লাখ টাকা প্রায়।
এ ছাড়াও ৭৩টি ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। যার অর্থমূল্য ৬১ কোটি ৮৬ লাখ টাকা প্রায়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ দাড়ায় দুইশত ৬৬ কোটি ৪৩ লাখ টাকা প্রায়।
সড়ক ও জনপথ বিভাগ অফিস সূত্র জানায়, জেলায় তাদের অধীনে ৬’শ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে বন্যায় ১৪ টি সড়কের প্রায় ৬০ কিলোমিটার নষ্ট হয়ে গেছে।
বেশি ক্ষতিগ্রস্ত ৭টি সড়ক হচ্ছে মির্জাপুর-ঊয়ার্শী-বালিয়া সড়ক, আরিচা-ঘিওর-দৌলতপুর-নাগরপুর সড়ক, কালিহাতী-রতনগঞ্জ-সখিপুর সড়ক, লাউহাটি-দেলদুয়ার-সাটুরিয়া সড়ক, বাউশী-গোপালপুর সড়ক, ডুমুরিয়া- সলিমাবাদ, ভাতকুড়া-বাসাইল-সখিপুর সড়ক।
ক্ষতিগ্রস্থ রাস্তাগুলোয় ভারী যানবাহন চলাচলে ব্যাপক অসুবিধা দেখা দিয়েছে। যাতায়াতকারী মানুষের ভোগান্তি চরমে।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মো: মনিরুজ্জামান বলেন, ক্ষয়ক্ষতির তালিকা করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। স্থায়ী মেরামতের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া বিভাগীয় মেরামতের মাধ্যমে সাময়িকভাবে যান চলাচল সচল রাখা হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. গোলাম আজম বলেন, আবহাওয়াগত কারণে প্রতি বছর সড়কের ক্ষতি হয়ে থাকে বেশি। প্রতি বছর সরকার বন্যা পরবর্তি সময়ে সড়ক সংস্কারের জন্য বরাদ্দ দিয়ে থাকে। এবারও কিছুবরাদ্দ পাওয়া গেছে। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।