বাংলা হেডলাইনস: রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) অ্যাডভোকেট মাহবুবে আলম আজ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
সন্ধ্যা ৭:২৫ টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
পারিবারিক সুত্রে জানা যায় তিনি গত ৪ সেপ্টেম্বর ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। তাঁর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাহবুবে আলম টানা ১১ বছর অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন।
অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
আজ এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, মরহুম মাহবুবে আলম বঙ্গবন্ধু হত্যা মামলা ও মানবতাবিরোধী অপরাধের মামলা পরিচালনায় অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন।
আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি ছিলেন একজন প্রথম সারির যোদ্ধা। তার মৃত্যু বাংলাদেশের আইন অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।
রাষ্ট্রপতি মরহুম মাহবুবে আলমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান, পিআইডি’র এক প্রেস রিলিজে জানানো হয়।