বাংলা হেডলাইনস: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র ৭৪ তম জন্মদিন আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা জন্মগ্রহণ করেন।
তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান।
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, দুঃস্থদের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ, গাছের চারা বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
তবে করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সবাই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে আওয়ামী লীগ।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, আবদুল মতিন খসরু, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান. তথ্যমন্ত্যী ও আওয়ামী লীগের যুগ্মসাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক,মির্জা আজম ও এসএম কামাল হোসেন।
ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ও উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ ।
শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ জোহর এবং দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রবক্তা শেখ হাসিনা ১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহনের পর থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে দলকে সুসংগঠিত করেন এবং ১৯৯৬ সালে প্রথম, ২০০৮ সালে দ্বিতীয়, ২০১৪ সালে তৃতীয় এবং ২০১৮ সালে চতুর্থবারের মত নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী।
তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সূত্র: বাসস।