বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে নিউয়েস্ট ফ্যাশনস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা।
এ সময় ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত ২৮ নভেম্বর কাজ করানোর পরে কতৃপক্ষ ২ অক্টোবর পর্যন্ত কারখানা ছুটি ঘোষণা করে।
নির্ধারিত ছুটির পর শনিবার কারখানা খোলা থাকার কথা থাকলেও শ্রমিকরা সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে দেখে গেটে তালা ঝুলানো।
এ বিষয়ে কারখানার নিরাপত্তা কর্মীদের কাছে তালাবদ্ধ রাখার বিষয়ে শ্রমিকরা জানতে চাইলে তাদেরকে জানানো হয় কারখানা বন্ধ। তবে কবে থেকে খোলা হবে এ বিষয়ে তারা কিছুই জানে না।
এ নিয়ে কারখানার শ্রমিকরা ক্ষুব্দ হয়ে আন্দোলনে নেমে ভোগড়া চৌধুরী বাড়ির সামনে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে ।
খবর পেয়ে জিএমপির বাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়।
এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি রফিকুল ইসলাম চৌধুরী জানান, শ্রমিকদের ছুটি দেওযা হয়েছে ও এ নিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। কারখানা খোলার বিষয়ে আগামীকাল ৪ অক্টোবর সকালে সিদ্ধান্ত জানানো হবে।
যদি কারখানা পরিচালনা করে তাহলে নিয়ম-নীতি মেনে পরিচালনা করবে। অন্যথায় সকল শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী বেতন-ভাতা পরিশোধ করে কারখানা বন্ধ করে দেয়া হবে।