বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের রাজাফৈর পল্টনপাড়া এলাকায় গোয়াল ঘর থেকে একই রশিতে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ, এসময় তাদের কোমর ওড়না দিয়ে বাঁধা ছিলো।
এটা হত্যা না আত্মহত্যা বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য।
নিহতরা হলেন- একই গ্রামের আব্দুল বাছেদের ছেলে শাহজাহান (৪০) ও দেলোয়ার হোসেনের মেয়ে এবং একই এলাকার দানেজ আলীর স্ত্রী আলেয়া বেগম (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার রাজাফৈর পল্টনপাড়া এলাকার বিবাহিত শাহজাহান মিয়ার সাথে একই এলাকার গৃহবধূ আলেয়া বেগমের পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে।
এক পর্যায়ে তারা প্রায় দেড় মাস আগে বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর গত বৃহস্পতিবার শাহজাহান ওই নারীকে নিয়ে তার বাড়ি ফিরে আসে। পরে শুক্রবার সকালে আলেয়া বেগমের পূর্বের স্বামী দানেজ আলীর গোয়াল ঘর থেকে আলেয়া ও শাহজাহানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
কালিহাতী থানার ওসি সওগাতুল আলম এ বিষয়ে বলেন, দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগের এডিশনাল এসপি মোঃ শাহিনুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে এটি প্রকৃত আত্মহত্যা না অন্য কোনও কারণে মৃত্যু, তখন আমরা ওই এঙ্গেলে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে।