বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে যুবলীগ নেতাকে পায়ের রগ কেটে হত্যা চেষ্টার অভিযোগের মামলায় জেলা ছাত্রলীগ সভাপতি মো: আব্দুল জব্বার সুজনকে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাঙ্গামাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ এর আদালত এ আদেশ দেন।
অভিযোগে বলা হয়, চলতি বছরের গত ৩০ জানুয়ারী রাঙ্গামাটি বনরুপা এলাকায় ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো: নাছির উদ্দীনকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগ সভাপতি মোঃ আব্দুল জব্বার সুজনসহ তার সহযোগীরা। পরে তাকে মারধর করে পায়ের রগ কেটে হত্যার চেষ্টা করা হয়।
সংবাদ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
এ ঘটনায় যুবলীগ নেতা মো: নাছির উদ্দীনের স্ত্রী ছালেহা আক্তার বাদী হয়ে ছাত্রলীগ সভাপতি মো: আব্দুল জব্বার সুজনসহ আটজনের নাম উল্লেখ করে রাঙ্গামাটি কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন আদালতের গ্রেফতারের আদেশের কাগজ আমরা পেয়েছি। আসামিকে গ্রেফতারের ব্যবস্থা করা হচ্ছে।