বাংলা হেডলাইনস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী করোনায় আক্রান্ত হয়ে এখন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মো.হাবিবুর রহমান।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য জাফর আলী এক সপ্তাহ থেকে জ্বরে ভুগছিলেন। পরে তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে প্রেরণ করা হয়। এরপর শনিবার তার রিপোর্ট পজিটিভ আসে।
এরপর তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য সামরিক এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়।
এরপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান,মো. জাফর আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হলে এখন তিনি ভাল আছেন।
তার পারিবারিক সূত্রে জানা যায়,বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার দুপুরে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
অন্যদিকে মো:জাফর আলীর সুস্থতা কামনা করে জেলার বিভিন্ন স্থানে,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মসজিদ ও মন্দিরে আজ সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দোয়া ও প্রার্থনা করছেন বলে জানা গেছে।