বাংলা হেডলাইনস সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ পৌর এলাকার কোল গয়লা মহল্লার মালয়েশিয়া প্রবাসী পারভেজ মন্ডল হ্যাপী (৪৪) খুন হয়েছেন।
তিনি ওই মহল্লার সিরাজগঞ্জের মরহুম শামসুল আলী মন্ডলের ছেলে। এ হত্যাকান্ড নিয়ে নিহতের পরিবারসহ এলাকায় শোকের মাতম চলছে। তার লাশের জন্য অপেক্ষা করছেন পরিবারের লোকজন। নিহতের বড় ভাই দৌলত মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, গত ৩ নভেম্বর রাতে মালয়েশিয়ার যহরবারু লাবিস এলাকায় সহকর্মীরা তাকে হত্যার পর তার লাশ রাস্তায় ফেলে সড়ক দুর্ঘটনা বলে প্রচার করা হয়। এ ঘটনায় মালয়েশিয়া পুলিশ ৫ সহকর্মীকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যার বিষয়টি বেরিয়ে আসে।
হ্যাপী ১৩ বছর ধরে মালয়েশিয়ার উল্লেখিত এলাকায় ইয়াদা কন্সট্রাকশন এন্ড হার্ডওয়ার এন্টারপ্রাইজ কোম্পানিতে নির্মাণ কর্মী হিসাবে কর্মরত ছিলেন।
এমতাবস্থায় তার সহকর্মীরা তার টাকা পয়সা হাতিয়ে নিতে কাজের বিষয়ে বাকবিতন্ডার নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এ হত্যার সাথে জড়িত ইন্দোনেশিয়ার ৪ জন, মায়ানমারের ১ জন রোহিঙ্গা ও নেপালের ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ হত্যার সাথে বাংলাদেশী ১ জন জড়িত রয়েছে।
হ্যাপী নিহতের প্রায় এক সপ্তাহ পার হলেও দেশে লাশ ফেরত না আসায় দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের লোকজন। এদিকে বীরঙ্গনা মুক্তিযোদ্ধা ছুরাইয়া খাতুন ছেলের শোকে এখন শয্যাশায়ী। স্বজনেরা এ হত্যার বিচার ও দ্রুত লাশ ফেরতের জন্য সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন।