বাংলা হেডলাইনস: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশে যখন গণতান্ত্রিক কোন স্পেস না থাকে তখন এই ‘ধরণের’ ঘটনা ঘটে।
আজ রাজধানীতে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে মিট দি প্রেস অনুষ্ঠানে মির্জা ফখরুল এই মন্তব্য করেন।
তিনি বলেন ‘এগুলো কখন হয় যখন দেশে গণতান্ত্রিক কোন স্পেস থাকে না। আপনি একটা মিছিল করতে পারবেন না, আপনি কোথাও গিয়ে একটা সভা করতে পারবেন না —এই জিনিষগুলো অনেকদিন ধরে হয়ে আসছে’।
গতকাল বৃহস্পতিবার ঢাকা ১৮ আসনের ও সিরাজগঞ্জের ১ আসনের উপনির্বাচন চলাকালে দুপুর ১২ থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গায় অন্তত ৭ টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আওয়ামী লীগ ও বিএনপি উভয়ই এই ঘটনার জন্য একে অপরকে দোষারোপ করে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপিকে এর আগেও এভাবে অভিযুক্ত করা হয়েছে বিভিন্ন সময়ে কিন্তু বিএনপি এ (সন্ত্রাসী) রাজনীতি করে না।
তিনি বলেন ‘আমরা মনে করি যে সরকারের কিছু এজেন্ট থাকে স্যাবোটিয়াস হয়ে ঘটনা ঘটিয়ে একটা আন্দোলন যেটা শুরু হচ্ছে বা যেটা হতে যাচ্ছে বা যেটা ভাল জিনিসের জন্য এগিয়ে যাচ্ছে ওটাকে স্যাবোটেজ করার জন্য এ ধরণের ঘটনা ঘটায়’।
এদিকে বিএনপি আজ গুলশানে এক সংবাদ সম্মেলনে আগামীকাল শনিবার ঢাকায় এবং রোববার সারাদেশে জেলা সদরে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদীয় উপনির্বাচনের ফলাফল বাতিল এবং নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।