বাংলা হেডলাইনস : ‘রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে মোকাবিলায় ব্যর্থ হয়ে যারা মৌলবাদ-ষড়যন্ত্র-গুজবের পথ বেছে নেয়, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে’ বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০২০ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক প্রসঙ্গে তিনি একথা বলেন, পিআইডি’র এক প্রেস রিলিজে জানানো হয়।
প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, প্রেস কাউন্সিল সদস্যবৃন্দের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আবদুল মতিন খসরু এমপি এবং মোজাফফর হোসেন পল্টু, প্রেস কাউন্সিল পদক জুরিবোর্ডের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী এবং কাউন্সিল সদস্য নঈম নিজাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘কেউ স্বীকার করুক বা না করুক, সকল প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতাকে উপড়ে ফেলে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। মানবিক, সামাজিক, অর্থনৈতিক সকল সূচকে আমরা পাকিস্তানকে পেছনে ফেলেছি।
আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংকের সমীক্ষায় এর প্রতিফলনে ভারত ও পাকিস্তানে তোলপাড় হচ্ছে, অথচ আমাদের দেশে কেউ কেউ স্বীকার করতে চায় না।
তিনি বলেন ‘আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিকভাবে সরকারকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে মৌলবাদকে উস্কে দেয়, ষড়যন্ত্র-গুজবের পথ বেছে নেয়। এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।’
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, স্বাধিকার, গণতন্ত্র ও উন্নয়ন একইসূত্রে গাঁথা। আর এই যোগসূত্র স্থাপনে গণমাধ্যম রাখতে পারে অনন্য ভূমিকা।
অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিক তোয়াব খানকে আজীবন সম্মাননা, দি ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শাহ হোসেন ইমামকে প্রাতিষ্ঠানিক সম্মাননা, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হককে আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননা, দৈনিক সমকালের জাহিদুর রহমানকে গ্রামীণ সাংবাদিকতা,
দৈনিক আমাদের সময়ের মোহাম্মদ ইউসুফ আরেফিনকে উন্নয়ন সাংবাদিকতা, দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের আরাফাত আরাকে নারী সাংবাদিকতা ও একই দৈনিকের আলোকচিত্রী শফিকুল ইসলামকে আলোকচিত্র সাংবাদিকতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০২০ সম্মাননায় ভূষিত করা হয়।