বাংলা হেডলাইনস গাজীপুর: কাপাসিয়ায় সড়কসহ কিছু জমি দেবে গেছে। এ ঘটনার পর থেকে ওই এলাকার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয়দের ধারণা, বানার নদী থেকে বিভিন্ন সময়ে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে এই ভূমি ধ্বসের ঘটনা ঘটে থাকতে পারে।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমত আরা জানান, উপজেলার দস্যু নারায়ণপুর এলাকায় নদীর পাড়ে কাপাসিয়া-শ্রীপুর সড়কসহ পাশের কিছু অংশ ধসে গেছে। কিন্তু কেন এমনটি হলো, তা বোঝা যাচ্ছে না। ঘটনাস্থলের সচিত্র বর্ণনা বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। তাদের মতামতের ভিত্তিতে প্রকৃত অবস্থা জানা যাবে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টায় বিকট শব্দ হয়। এসময় ঘরের ভিত কেঁপে উঠে। পরে বাইরে বেরিয়ে দেখেন কাপাসিয়া-শ্রীপুর সড়কসহ বিস্তৃত এলাকা কমপক্ষে ১০ ফুট দেবে গেছে।
ভূমিধসের ঘটনায় আশপাশের সন্তোষ মাস্টার, ননী গোপাল, সাধন মাস্টার, সুশীল চন্দ্র, নিতাই চন্দ্রসহ কমপক্ষে ১২টি পরিবারের বসতবাড়ি ভূমিধসের ঝুঁকিতে রয়েছে। এর আগেও ১৯৬৪, ২০০৩ ও ২০১৮ সালে একই জায়গায় অনুরূপ ভূমিধসের ঘটনা ঘটে।