বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

‘ইউনেস্কো বঙ্গবন্ধু’ পুরস্কার নামে একটি আন্তর্জাতিক পুরষ্কার প্রবর্তনের সিদ্ধান্ত

  • আপডেট টাইম : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ২৬৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : ইউনেস্কো সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে ‘ইউনেস্কো বঙ্গবন্ধু’ পুরস্কার নামে একটি আন্তর্জাতিক পুরষ্কার প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন আজ তার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, সৃজনশীল অর্থনীতি ক্ষেত্রে ‘ইউনেস্কো বঙ্গবন্ধু’ পুরস্কার হবে সংস্থা কর্তৃক প্রবর্তিত প্রথম আন্তর্জাতিক পুরস্কার।

তিনি জানান, গত ১১ ডিসেম্বর সমাপ্ত জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সংস্থা-ইউনেস্কো নির্বাহী পরিষদের শরৎকালীন ২১০তম অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

ড. মোমেন বলেন, প্রতি দুই বছর অন্তর এ পুরস্কার প্রদান করা হবে, যার অর্থমান ৫০ হাজার মার্কিন ডলার। এ পুরস্কারটি প্রথমবারের মত ২০২১ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য ইউনেস্কো- এর ৪১ তম সাধারণ সভা চলাকালে প্রদান করা হবে।

তিনি জানান, এই প্রথম জাতিসংঘের কোন অঙ্গ-সংস্থা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইউনেস্কো শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ স্বীয় অধিক্ষেত্রে বিভিন্ন অঙ্গনে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সদস্য রাষ্ট্রসমূহের আর্থিক সহযোগিতায় আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করে থাকে।

ইউনেস্কো আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ২৩টি ইউনেস্কো আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করেছে।

এই প্রথম বাংলাদেশ তথা বাংলাদেশের কোন প্রথিতযশা সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তির নামে ইউনেস্কো একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল। সূত্র: বাসস।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com