বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় সন্ত্রাসীদের ভয়ে বাড়ি ছাড়া পরিবারের পুরুষ সদস্য।
নারী সদস্যদের খুন-জখম, বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া, এসিড ছুড়ে ঝলসে দেয়াসহ দেয়া হচ্ছে নানা হুমকি। ওই পরিবারটিকে রক্ষা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি রয়েছে স্থানীয়দের।
তবে প্রতিপক্ষের লোকজন বলছেন, জমির মালিকানা থাকায় তারা গাছ কেটে মাটি বিক্রি করছেন। অবশ্য থানার ওসি বলছেন লিখিতভাবে অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা।
স্থানীয়রা বলছেন, শত শত কলাগাছ কাটা আর দিন দুপুরে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নেয়ায় যে নেতৃত্ব দিচ্ছে সেই মইনুল এর বিরুদ্ধে পুলিশের উপর হামলাসহ অনেক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে প্রকাশ্যে স্থানীয়দের অধিকাংশ মানুষই মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
নিরীহ পরিবারটির নিরাপত্তা ও তাদের সহায়-সম্পদ রক্ষার দাবি রয়েছে সবার।
অভিযোগে জানা গেছে, কাপাসিয়া উপজেলার সন্মানিয়া গ্রামের ফিরোজ মিয়াদের মালিকানাধীন জমির শত শত কলাগাছ কেটে ফেলে ভেকু দিয়ে মাটি কেটে নেয়া হচ্ছে সন্ত্রাসী কায়দায়।
গ্রামের অন্যান্য লোকজন ও চেয়ারম্যান বলছেন, ফিরোজ মিয়ার মালিকানাধীন ক্ষেত থেকে হঠাৎ করে কলাগাছ কেটে ভেকু দিয়ে মাটি কেটে নেওয়া হয়েছে। পুলিশ এনে আপাতত তা থামানো হয়েছে।
তবে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ ও তাদের মূলহোতাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন।
প্রতিপক্ষের লোক মোঃ শরীফ জানান, ওই জমির মালিক সে নিজে। তাই ওই জমি থেকে কলাগাছ কেটে মাটি কেটে বিক্রি করে করছেন। যেহেতু নিজের জমি দীর্ঘ দিন দখলে নিতে পারছেন না, তাই জমিটি উদ্ধার করতে এলাকার কিছু লোক জনকে সঙ্গে নিয়েছে। তবে তাদের কেউ সন্ত্রাসী নয়।
কাপাসিয়ার থানার ওসি আলম চাঁদ জানিয়েছেন, ভেকু দিয়ে মাটি কেটে নেয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়া হয়। তবে গাছ ও মাটি কাটার সাথে জড়িতরা তাৎক্ষণিক পালিয়ে গেছে।