বাংলা হেডলাইনস খুলনা : খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) জন্য খুলনার উন্নয়ন পিছিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
তিনি বলেন কেডিএ’র তৈরি অধিকাংশই রাস্তা, বাস টার্মিনাল সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থা। সংস্কারের অর্থ নেই, বলছে কেডিএ।
অথচ, মেয়র অভিযোগ করেন, নিউ মার্কেট, বাস টার্মিনাল ও প্লট ব্যবসা করে কোটি কোটি টাকার ডিপোজিট করে সুদ খাচ্ছে। খুলনার মানুষের টাকা জমিয়ে সুদ খাবেন, অথচ রাস্তাঘাট ঠিক করবে না- এমন সেবামুলক সংস্থা থাকার কি দরকার?
আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেছেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বরাদ্দের অর্থ পাওয়ার পরও বছরের পর বছর কেডিএ সেই প্রকল্প বাস্তবায়ন করছে না। তাদের তৈরি করা রাস্তা-ঘাট, বাসটার্মিনাল সংস্কার করছে না। খুলনার মানুষ মনে করছে, সব সিটি করপোরেশনের ব্যর্থতা। আসলে তা নয়। কেডিএ’র কারণেই খুলনার অনেক উন্নয়ন পিছিয়ে যাচ্ছে।
প্রেস ব্রিফিঙে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্না, মোঃ আলী আকবর টিপু ও মেমরী সুফিয়া রহমান শুনু, প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তিবালা প্রমুখ।